ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি আধুনিক, সর্বাঙ্গীণ ও পারস্পরিক লাভজনক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে নতুন করে দৃঢ় সংকল্প প্রকাশ করেছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের ব্রাসেলসে দু’দিনের গুরুত্বপূর্ণ সফর এই আলোচনায় গতি এনে দিয়েছে বলে শনিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।ব্রাসেলসে ইইউ’র বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোশ শেফচোভিচের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে দুই পক্ষই আলোচনা টেবিলে থাকা অমীমাংসিত বিষয়গুলি দ্রুত মেটানোর নির্দেশ দেন আলোচক দলকে।
লক্ষ্য একটাই—যত দ্রুত সম্ভব এফটিএ চূড়ান্ত করা।এই মন্ত্রিপর্যায়ের বৈঠকের আগে ৬ ও ৭ জানুয়ারি ইউরোপীয় কমিশনের ডিরেক্টর-জেনারেল (ট্রেড) সাবিনে ওয়েয়ান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের উচ্চপর্যায়ের আলোচনা হয়। সেখানে বিভিন্ন আলোচ্য ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং মতপার্থক্য কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়।পীযূষ গোয়াল ও কমিশনার শেফচোভিচের আলোচনায় পণ্যের বাজারে প্রবেশাধিকার, রুলস অব অরিজিন, পরিষেবা খাত-সহ এফটিএ-র একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। উভয় পক্ষই স্বীকার করে নেয় যে, বিভিন্ন আলোচ্য ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি হয়েছে।মন্ত্রীস্তরের আলোচনায় আবারও স্পষ্ট করা হয় যে, গঠনমূলক আলোচনার মাধ্যমে বাকি থাকা বিষয়গুলির সমাধানে উভয় পক্ষ রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাকাঙ্ক্ষী একটি চুক্তি চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়, যা উভয় পক্ষের অভিন্ন মূল্যবোধ, অর্থনৈতিক অগ্রাধিকার এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।সফরের শেষে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই শিগগিরই একটি আধুনিক, সর্বাঙ্গীণ ও পারস্পরিক লাভজনক এফটিএ চূড়ান্ত হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, পীযূষ গোয়ালের এই সফর এমন এক সময় হল, যখন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শীর্ষস্থানীয় ইইউ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল খুব শিগগিরই নয়াদিল্লি সফরে আসতে চলেছে।
previous post
