রাঁচি, ২২ ডিসেম্বর: ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেটে ঝাড়খণ্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন ইশান কিষাণ। আসন্ন বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ তাঁকেই নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা। এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যের ক্রিকেট মহলে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ইশান কিষাণের ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বদানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে তাঁর দক্ষতা ঝাড়খণ্ড দলকে অতিরিক্ত ভারসাম্য দেবে বলেই মনে করছেন নির্বাচকেরা।ইশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলছেন। বয়স কম হলেও কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরার অভিজ্ঞতা তাঁর রয়েছে। অতীতে বিভিন্ন প্রতিযোগিতায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার নজিরও আছে তাঁর। সেই অভিজ্ঞতাই এবারের বিজয় হাজারে ট্রফিতে কাজে লাগাতে চায় ঝাড়খণ্ড শিবির।
ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, ‘দল গঠনের ক্ষেত্রে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মেলবন্ধন ঘটানো হয়েছে। ইশান কিষাণের নেতৃত্বে এই দল প্রতিযোগিতায় ভালো ফল করবে বলে আমরা আশাবাদী।’ দলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই নামবে ঝাড়খণ্ড।বিজয় হাজারে ট্রফি ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এই মঞ্চে ভালো পারফরম্যান্স জাতীয় দলে ফেরার পথও মসৃণ করে। তাই ইশান কিষাণের অধিনায়কত্বে ঝাড়খণ্ডের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
previous post
