23 C
Kolkata
February 4, 2026
দেশ

দীপাবলি-ছটে ভিড় সামলাতে অতিরিক্ত ৮ হাজার বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে

নয়া দিল্লি: দীপাবলি ও ছট্‌ উৎসবের বাড়তি যাত্রীচাপ সামলাতে ভারতীয় রেলওয়ে আরও ৮,০০০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি উৎসব মরশুমে মোট বিশেষ ট্রেনের সংখ্যা দাঁড়াতে চলেছে প্রায় ১২,০১১টি— যা গত বছর একই সময়ে চলা ৭,৭২৪টি ট্রেনের তুলনায় বড়সড় বৃদ্ধি।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার রেলভবনের ওয়ার রুমে গিয়ে উৎসবের সময় যাত্রী চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কর্মীদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পরিষেবায় কৃতজ্ঞতা জানান। তিনি রেলকর্মীদের দীপাবলির শুভেচ্ছাও জানান।

রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইতিমধ্যেই ৩,৯৬০টি বিশেষ ট্রেন সফলভাবে পরিচালিত হয়েছে, যার মাধ্যমে ১ কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। অতিরিক্ত ভিড় সামলাতে বিভিন্ন জোন জুড়ে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে।উত্তর রেলওয়ে (১,৯১৯ ট্রেন), সেন্ট্রাল রেলওয়ে (১,৯৯৮ ট্রেন) এবং ওয়েস্টার্ন রেলওয়ে (১,৫০১ ট্রেন) সর্বাধিক বিশেষ পরিষেবা চালিয়েছে।

এছাড়াও ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ও নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে — দু’টিই ১,২১৭টি করে অতিরিক্ত ট্রেন চালিয়েছে।নয়া দিল্লি রেল এলাকা (নতুন দিল্লি, দিল্লি, আনন্দ বিহার, হজরত নিজামুদ্দিন ও শাকুরবস্তি) —এ ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ১৫.১৭ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন, যা গত বছরের তুলনায় ১.৫১ লক্ষ বেশি

যাত্রীদের সুবিধার জন্য বড় স্টেশনগুলিতে ডেডিকেটেড হোল্ডিং এরিয়া, অতিরিক্ত টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, বাড়তি স্যানিটেশন ও সময়সূচি প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে চালু করা হয়েছে। রেলমন্ত্রী নিজে রাজধানী এলাকার কয়েকটি স্টেশন পরিদর্শন করে যাত্রীদের প্রতিক্রিয়াও নেন।

Related posts

Leave a Comment