টাকির ইছামতি নদীসংলগ্ন বিসর্জন উপলক্ষে ভারত–বাংলাদেশ সীমান্তে মঙ্গলবার ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ও বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ডস)-এর আধিকারিকরা। পাশাপাশি যোগ দেন রাজ্য পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরাও।
প্রতিবছর দুর্গাপূজার বিসর্জনের সময় ইছামতি নদীর দুই পাড়ে বিপুল ভিড় জমে। ভারতের টাকি এবং বাংলাদেশের সাতক্ষীরা–খুলনার বিসর্জন একসঙ্গে নদীবক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় অপরিহার্য।
ফ্ল্যাগ মিটিংয়ে বিসর্জনের দিন কড়া নজরদারি, টহলদারি বাড়ানো, নৌকাচালনা নিয়ন্ত্রণ এবং জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখার সিদ্ধান্ত হয়েছে। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্ন বিসর্জন উৎসব নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
