29 C
Kolkata
March 13, 2026
রাজ্য

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে পড়ে শ্রমিকের দেহ টুকরো টুকরো

দুর্গাপুর, ২ ডিসেম্বর: ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী দুর্গাপুর ইস্পাত কারখানা। এবার রাতে কাজ চলাকালীন চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ টুকরো টুকরো হয়ে গেল কারখানার এক শ্রমিকের। প্রায় দু’ঘন্টার চেষ্টায় শরীরের খণ্ডাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

মৃত শ্রমিক আশুতোষ ঘোষাল (৫৫) দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা। সে দুর্গাপুর ইস্পাত কারখানার ‘র মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট’-এর ওল্ড সাইডে অপারেশন বিভাগের স্থায়ী কর্মী। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। আর কিছুদিন পরই ছেলের বিয়ে। তার আগেই পরিবারে নেমে এল শোকের ছায়া।

উল্লেখ্য, এর আগে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে এক ঠিকা শ্রমিক ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারও আগে ২০ নভেম্বর ডিএসপির ব্লাস্ট ফার্নেস লেডেল থেকে গলিত লোহা ছিটকে মৃত্যু হয় তিন ঠিকা শ্রমিকের। এরপর কনভেয়ার বেল্টে পড়ে এই দুর্ঘটনা। ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের একাধিক নেতা-কর্মীদের অভিযোগ, সেফটি বিভাগের অপদার্থতার ফলে কারখানায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

Related posts

Leave a Comment