সংবাদ কলকাতা: আজ সোমবার তিনদিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ভিন রাজ্যের রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
দলীয় সূত্রে খবর, মেঘের দেশে একঝাঁক কর্মসূচি রয়েছে তাঁদের। অভিষেক ছাড়াও এই সফরে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া।
মঙ্গলবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। ওই দিন একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের।
ইংরেজী নতুন বছরের (২০২৩) শুরুতেই উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমানে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে সরাসরি শাসকদলকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল কংগ্রেস। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মেঘালয় সফর খুবই গুরুত্বপূর্ণ।
মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করলেও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে পুরভোটে লড়েছে দল। তাই এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে জোড়াফুল শিবির।
তিন দিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
previous post
