23 C
Kolkata
March 1, 2026
রাজ্য

রাজ্যে বেকারদের হাহাকার! ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন ৮৪ লক্ষ ছাড়াল

প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরক্ষা দিতে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে নজিরবিহীন সাড়া মিলল। পশ্চিমবঙ্গ সরকারের এই সামাজিক সুরক্ষা কর্মসূচিতে আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যেই ৮৪ লক্ষের গণ্ডি পেরিয়েছে। আবেদনের শেষ দিন পর্যন্ত সরকারি হিসাবে মোট ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০টি আবেদন জমা পড়েছে।

প্রশাসনিক পরিসংখ্যান বলছে, আবেদনের নিরিখে জেলার তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন আবেদন করেছেন। এর মধ্যে শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন জমা পড়েছে ৭ লক্ষ ৬৯ হাজার ৩৭৫টি। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ, সেখানে আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, সেখান থেকে আবেদন করেছেন ৭ লক্ষ ২০ হাজার ৭০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, সরাসরি শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করার প্রবণতাই বেশি দেখা গিয়েছে। মোট ৬৫ লক্ষ ৩৪ হাজার ৫১ জন আবেদনকারী শিবিরের মাধ্যমে আবেদন জমা দিয়েছেন। অন্যদিকে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে আবেদন করেছেন ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯ জন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, প্রকল্পটির সুবিধা পেতে যুবসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শুধু জনবহুল জেলা নয়, অপেক্ষাকৃত প্রান্তিক এলাকাতেও উৎসাহ লক্ষণীয়। পশ্চিম মেদিনীপুর জেলায় আবেদনকারীর সংখ্যা ৪ লক্ষ ৪৯ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলার মতো পাহাড়ি ও জঙ্গলমহল অঞ্চলেও বহু যুবক-যুবতী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক আবেদন দ্রুত যাচাই করে প্রকৃত যোগ্যদের তালিকা প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রের দাবি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি বেকার যুবসমাজকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘যুবসাথী’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বিশেষজ্ঞদের মতে, এত বিপুল আবেদন রাজ্যের কর্মসংস্থানের বর্তমান চিত্র এবং যুবসমাজের আর্থিক নিরাপত্তার চাহিদার স্পষ্ট প্রতিফলন। আগামী দিনে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশাবাদী প্রশাসন।

Related posts

Leave a Comment