দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের আগেই সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সতর্ক হল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। মালদার কালিয়াচক থানার ভারপ্রাপ্ত আধিকারিককে চিঠি দিয়ে ট্রেনটিতে পাথর ছোড়া হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আরপিএফ।শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা টাউন রেলস্টেশন থেকে ভন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। তার আগেই গোয়েন্দা সূত্রে সম্ভাব্য হামলার ইঙ্গিত পাওয়ায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রেনটি মালদা স্টেশন ছাড়ার পর বিভিন্ন জায়গায় পাথর ছোড়া হতে পারে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরপিএফ জানিয়েছে, সুবোধ কুমার সাউ নামে এক ব্যক্তি ই-মেলের মাধ্যমে তাদের সতর্ক করেছেন যে, কয়েকজন দুষ্কৃতী প্রথম ভন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর ছোড়ার ষড়যন্ত্র করছে। মালদা ছাড়ার পর জামিরঘাটা, খালতিপুর, চামগ্রাম, শাঁখপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বসুদেবপুর ও তিলডাঙ্গা স্টেশনের কাছে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও সংশ্লিষ্ট এলাকায় কালো পতাকা দেখানোর সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সেই কারণে কালিয়াচক থানাকে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও হাওড়া–নিউ জলপাইগুড়ি ভন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল, যার পরে কড়া পদক্ষেপ করেছিল রেল কর্তৃপক্ষ। এবার কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা হিসেবে এই চিঠি পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী মোদি হাওড়া–কামাখ্যা রুটে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। একই সঙ্গে গুয়াহাটি–হাওড়া রিটার্ন সার্ভিসও ভার্চুয়ালি চালু করবেন তিনি। এই ১৬ কোচের ট্রেনটিতে থাকবে ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ। ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেল জোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।
