27 C
Kolkata
March 13, 2026
বিদেশ

ইরানে ১৫ হাজারের বেশি স্থানে হামলা আমেরিকা-ইজরায়েলের, গুরুতর জখম মোজতবা খামেনেই? দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ওয়াশিংটন — পশ্চিম এশিয়ার সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইরানের অন্তত ১৫ হাজারেরও বেশি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ধারাবাহিক হামলার জেরে তেহরানের শীর্ষ নেতৃত্ব এখন আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আমেরিকার বায়ুসেনা এবং ইজরায়েলের বায়ুসেনা যৌথভাবে এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, “ইরানের নেতৃত্ব আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। আমাদের এবং ইজরায়েলের বায়ুসেনা মিলিয়ে ইরানের ১৫ হাজারেরও বেশি স্থানে হামলা চালিয়েছে। প্রতিদিনের হিসাবে তা এক হাজারেরও বেশি।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনেই গুরুতর জখম হয়েছেন। হামলার সময় তাঁর মুখও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

যদিও একদিন আগেই তেহরানের তরফে মোজতবা খামেনেইয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনও প্রশ্নই নেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি জানানো হয়েছে। তা না হলে সেগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য শত্রু দেশগুলির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে ইরান। তবে ওই বিবৃতি সত্যিই মোজতবার কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে তিনি নাকি গুরুতর আহত অবস্থায় কোমায় রয়েছেন

এদিকে সংঘাত আরও তীব্র হয়েছে শুক্রবার সকালে। ইরানের রাজধানী তেহরানে ফের বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। পরপর গোলাবর্ষণে কেঁপে ওঠে শহর। শুধু তেহরানই নয়, সিরাজ এবং আহভাজ শহরেও হামলা চালানো হয়েছে বলে খবর।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা এই সংঘাতের জেরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related posts

Leave a Comment