25 C
Kolkata
March 23, 2026
দেশ

মার্কিন রাষ্ট্রদূত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করলেন

দিল্লি—ভারত–মার্কিন সম্পর্কের নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মুর্মু মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রদূত চন্দ্রদত্ত সিং এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূত রবার্ট জিশগের পরিচয়পত্রও গ্রহণ করেছেন।

৩৮ বছর বয়সি সার্জিও গোর গত বছরের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন। তার আগে অক্টোবরে মার্কিন সিনেট তাঁর নিয়োগে অনুমোদন দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ২০২৫ সালের আগস্ট মাসে ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। এর আগে গোর হোয়াইট হাউসের পার্সোনেল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই সপ্তাহের শুরুতে নয়াদিল্লিতে পৌঁছানোর পর গোর বলেন, “যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো গুরুত্বপূর্ণ আর কোনও দেশ নেই।” তিনি জানান, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে উভয় দেশ সক্রিয়ভাবে কাজ করছে। নয়াদিল্লির মার্কিন দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক দৃঢ়। তাঁর কথায়, প্রকৃত বন্ধুদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা পার্থক্য মিটিয়ে নেয়।

বর্তমানে এমন এক সময়ে দায়িত্ব নিলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত, যখন ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপসহ বিভিন্ন কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে গোরের সাম্প্রতিক ইতিবাচক মন্তব্যকে অনেকেই সম্পর্ক পুনরুদ্ধার এবং কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

Related posts

Leave a Comment