24 C
Kolkata
March 23, 2026
দেশ

৮–৯ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে উত্তরপ্রদেশ: মুখ্যমন্ত্রী যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, আজ উত্তরপ্রদেশ দেশ ও বিদেশের বিনিয়োগকারীদের কাছে একটি পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে, যার মূল ভিত্তি ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট, ইনভেস্টর ফার্স্ট’ নীতি। তিনি জানান, গত ৮–৯ বছরে রাজ্যে মোট ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী মাসে আরও ৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।

এখনও প্রায় ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে রয়েছে, যেগুলির ক্ষেত্রেও শীঘ্রই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে তিনি জানান। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ও লখনউয়ের সাংসদ রাজনাথ সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অশোক লেল্যান্ডের বৈদ্যুতিক যান উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ও অতিথিরা কারখানা পরিদর্শন করেন এবং রুদ্রাক্ষ গাছের চারা রোপণ করেন। তিনি হিন্দুজা পরিবারকে এই বিনিয়োগের জন্য অভিনন্দন জানান এবং উত্তরপ্রদেশ সরকারের উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই বিনিয়োগ উত্তরপ্রদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে রাজ্যের ৭৫টি জেলাতেই কোনও না কোনও বিনিয়োগ প্রকল্প চলছে। উন্নত সংযোগ ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি জানান, দেশের মোট এক্সপ্রেসওয়ের ৫৫ শতাংশ উত্তরপ্রদেশে অবস্থিত। দেশের সর্বাধিক সংখ্যক শহরে বৈদ্যুতিক যান চলাচল ও মেট্রো পরিষেবাও রয়েছে এই রাজ্যে। ভারতের বৃহত্তম রেল নেটওয়ার্ক উত্তরপ্রদেশে এবং দেশের দুটি ডেডিকেটেড ফ্রেইট করিডর রাজ্যের মধ্য দিয়েই অতিক্রম করছে। পাশাপাশি লজিস্টিক টার্মিনাল ও পরিবহণ হাব গড়ে তোলার কাজ চলছে এবং দেশের প্রথম র‌্যাপিড রেল ও জলপথ পরিষেবাও চালু হয়েছে উত্তরপ্রদেশে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন ২০৪৭-এর উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ভারতকে উন্নত ও আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে প্রতিটি নাগরিক। তিনি জানান, দেশের জিডিপিতে উত্তরপ্রদেশের অবদান ৯.৫ শতাংশ এবং চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের জিএসডিপি ৩৬ লক্ষ কোটি টাকায় পৌঁছবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশ দ্রুত একটি বৈশ্বিক ইলেকট্রনিক্স ও আইটি হাবে পরিণত হচ্ছে এবং দেশের মোট মোবাইল উৎপাদনের ৫৫ শতাংশই হচ্ছে এই রাজ্যে। অশোক লেল্যান্ডের ইভি প্ল্যান্ট এফডিআই ও ফরচুন ৫০০ নীতির অংশ বলেও তিনি উল্লেখ করেন।

২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে এফডিআই-এর অংশ প্রায় নগণ্য ছিল, কিন্তু বর্তমান নীতির মাধ্যমে রাজ্যে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ ও ফরচুন ৫০০ সংস্থাকে আকর্ষণ করা সম্ভব হয়েছে। তিনি জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের জন্য মউ স্বাক্ষরিত হয়, ২০২৪ সালের জানুয়ারিতে লেটার অফ ইনটেন্ট ও জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মাত্র ১৮ মাসের মধ্যে একটি বিশ্বমানের উৎপাদন কেন্দ্র গড়ে ওঠা ডাবল ইঞ্জিন সরকারের দ্রুত অনুমোদন ব্যবস্থা ও সুশাসনের ফল।

Related posts

Leave a Comment