কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের স্ত্রী দুই মাস আগেই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। রবিবার সকালে দুর্ঘটনার পর বাড়িতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রাজবীর ১৫ বছর সেনায় কর্মরত ছিলেন।
রবিবার ভোরে কেদারনাথ থেকে পাঁচ পর্যটককে নিয়ে বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন পাইলট রাজবীর সিং চৌহান। ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।
রাজবীরের বাড়ি রাজস্থানের জয়পুরে। তাঁর স্ত্রী ভারতীয় সেনায় কর্মরত। ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। ২০০৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন রাজবীর। ২০০৯ সালে তিনি বায়ুসেনায় যোগদান করেন। ১৫ বছর পর লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন রাজবীর। এরপর ২০২৪ সালে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন। বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর। বায়ুসেনায় থাকাকালীন তাঁর ২০০০ ঘণ্টা হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা ছিল। পাহাড় ও সমতল উভয় এলাকাতেই হেলিকপ্টার ওড়াতে সক্ষম ছিলেন তিনি।
