32 C
Kolkata
March 24, 2026
দেশ

ভাঙড়ে শিক্ষককে মারধর, ক্ষোভে ফুঁসছে এলাকা — শাসক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাঙড়ে আবারও রণক্ষেত্র! ফুটবল মঞ্চে খেলাকে কেন্দ্র করে হঠাৎই ছড়িয়ে পড়ল উত্তেজনা। আর সেই উত্তেজনার মধ্যেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্কুলশিক্ষককে প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মারলেন শাসক দলের এক প্রভাবশালী নেতা। ঘটনায় হতবাক সাধারণ মানুষ, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।

শনিবার ভাঙড়-২ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কারবালা ময়দানে আয়োজিত হয়েছিল আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে মুখোমুখি হয়েছিল ভগবান হাই স্কুল ও হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। মাঠে খেলা গড়াতেই দুই দলের মধ্যে বচসা বাধে। হঠাৎই মাঠের বাইরে শুরু হয় আরও বড় বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে শিক্ষক নাসিরউদ্দিনকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, আরও তিনজন শিক্ষককেও আক্রমণ করা হয়।

রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষক। অভিযোগে তিনি লিখেছেন, “আমার মাথা-মুখে আঘাত করা হয়েছে। ছাত্রছাত্রীদের গালাগাল ও ভয় দেখানো হয়েছে।” এই ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীরাও ক্ষোভ উগরে দেন। তারা থানার সামনে বসে বিক্ষোভে সামিল হয়।

স্থানীয় মানুষজনের দাবি, অভিযুক্ত খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ। তাই এতদিন ধরেই এলাকায় দাপট দেখিয়ে এসেছেন। এবার তাঁর নাম জড়িয়ে পড়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত বা স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেউই মুখ খোলেননি এখন পর্যন্ত।

প্রশ্ন উঠছে—বারবার ফুটবল মঞ্চেই কেন ঘটছে রাজনৈতিক হিংসার কাণ্ড? শিক্ষকের উপর প্রকাশ্য হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে চারপাশে। সাধারণ মানুষের দাবি, দোষী যত বড় প্রভাবশালী হোক না কেন, কঠোর শাস্তি যেন নিশ্চিত হয়।

Related posts

Leave a Comment