দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। লন্ডন থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। গত বছরের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির কাছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডন থেকে ঢাকায় পৌঁছন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জায়মা রহমান। বিমানটি সিলেটে স্বল্প সময়ের যাত্রাবিরতির পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর সংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। দলীয় সূত্রে জানানো হয়েছে, তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান ৩০০ ফিট রোড বা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে আয়োজিত একটি সংক্ষিপ্ত সংবর্ধনায় যোগ দেবেন। ‘তারেক স্বদেশ প্রত্যাবর্তন কমিটি’-র আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সংক্ষিপ্ত ভাষণ দেবেন।
সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে নিজের বাসভবনে ফিরবেন বলে জানা গেছে।
বিপুল জনসমাগম সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কেবল বৈধ টিকিট ও পাসপোর্টধারী যাত্রীদেরই বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির সঙ্গে সমন্বয় রেখে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
আগামী শনিবার তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। ২৭ ডিসেম্বর নির্বাচনী দপ্তর খোলা থাকবে এবং তিনি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
