ঢাকা: দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরার পর জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সোমবার জমা দিয়েছেন দলের শীর্ষ নেতারা। ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের দফতরে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ফারহাদ হালিম ডোনার তারেক রহমানের হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে রবিবার তারেক রহমানের কাছ থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল বলে জানানো হয়েছে।
শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেন তারেক রহমান। এরপরই দলের একাধিক শীর্ষ নেতা তাঁকে ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার আহ্বান জানান। বিএনপির অন্দরে মনে করা হচ্ছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসন থেকে লড়াই করলে দলের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট হবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
দেশে ফেরার পর তারেক রহমান বলেন, তিনি বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
