সুভাষ পাল, বারাসাত: নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল বিজেপি। বারাসাতে দলের দীর্ঘদিনের নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র দল ছাড়লেন। প্রার্থী ঘোষণা ঘিরে অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাপস মিত্র। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকলেও প্রার্থী বাছাই নিয়ে তাঁর অসন্তোষ চরমে ওঠে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তাপস মিত্রের ঘনিষ্ঠদের দাবি, স্থানীয় স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব না দেওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ভারতীয় জনতা পার্টি-র তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, নির্দল প্রার্থী হিসেবে তাঁর লড়াই কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের মতে, এলাকায় তাঁর দীর্ঘদিনের সংগঠনমূলক ভিত্তি থাকায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।
প্রসঙ্গত, এই কেন্দ্রে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তাপস মিত্রের প্রার্থী হওয়ায় একদিকে চাপে পড়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, অন্যদিকে চাপ বাড়ছে তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত-র উপরও। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, শাসক ও বিরোধী—দুই শিবিরেই প্রার্থী নির্বাচন ঘিরে ব্যাপক ক্ষোভ রয়েছে। এই বিক্ষুব্ধ ভোটের বড় অংশ নির্দল প্রার্থী তাপস মিত্রের দিকে যেতে পারে।
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় প্রভাবের জেরে তিনি এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বারাসাত কেন্দ্র এখন ত্রিমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে। ফলে ফলাফল কোন দিকে যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
