স্কুল সার্ভিস কমিশন (SSC) শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘অযোগ্য দাগিদের’ তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে ১৮০৬ জনের। আর সেই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দুর অভিযোগ, “ভারতের কোনও নির্বাচিত সরকার অবৈধভাবে চাকরি দেওয়ার অধিকার রাখে না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকাশ্যেই বেআইনি নিয়োগ করেছে। যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁরা সুপ্রিম কোর্টের ভাষায় ‘দাগি’। আর আসল মহাদাগি হচ্ছে মমতার সরকার।
”তিনি আরও বলেন, “এঁদের মধ্যে অন্তত ৯০ শতাংশ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। বাকিদের চাকরি হয়েছে সরাসরি নেতা–মন্ত্রীদের তদবিরে। কেউ জমি বিক্রি করেছেন, কেউ গয়নাগাটি, কেউ আবার গরু–বাছুর বেচে টাকা জোগাড় করেছেন চাকরির জন্য। আজকে এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেটাই প্রমাণ করছে এতদিন আমরা যা বলেছি—এই সরকার চাকরি চোর।”উল্লেখ্য, এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে।
সেই নির্দেশ মেনেই প্রথমে ১৮০৪ জনের নাম প্রকাশ করে কমিশন, পরে আরও দু’জনের নাম যুক্ত হওয়ায় তালিকায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮০৬। এই তালিকায় রয়েছেন তৃণমূলের কাউন্সিলর, অঞ্চল সভাপতি থেকে শুরু করে বিধায়কের ঘনিষ্ঠরাও।অন্যদিকে, যাঁদের নাম প্রকাশিত হয়েছে তাঁদের অনেকেই এসএসসি-র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের অভিযোগ, কমিশন নিজেদের দায় এড়াতেই তাড়াহুড়ো করে এই তালিকা প্রকাশ করেছে।আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকাভুক্ত ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা সেই পরীক্ষায় বসতে পারবেন না।
