রবিবার ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে দেশে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন তথা নভোচর শোভাংশু শুক্লা। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ইসরো-র চেয়ারম্যান ভি নারায়ণনসহ আরও অনেকে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স-এ লিখেছেন— “ভারতের জন্য গৌরবের মুহূর্ত! ইসরোর জন্য গর্বের সময়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মহাকাশ স্বপ্ন আজ নতুন উচ্চতায় পৌঁছল। মাতৃভূমির সন্তান শোভাংশু শুক্লা আজ ভোরে দিল্লিতে অবতরণ করলেন।”
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও এক বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন প্রসান্ত বালাকৃষ্ণন নায়ার, যিনি গগনযান মিশনের নির্বাচিত নভোচারীদের একজন এবং এই মিশনের ব্যাকআপ ছিলেন। দু’জনকেই বিমানবন্দরে ফুল, ঢাকঢোল আর উল্লাসে স্বাগত জানান সাধারণ মানুষ।
গত জুলাই মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ঐতিহাসিক যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে আসেন শোভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়ে ইতিহাস গড়লেন তিনি। শুক্লার এই মিশন এবং অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতের মহাকাশ গবেষণা ও মিশনের পথপ্রদর্শক হবে বলে মনে করা হচ্ছে।
ফেরার আগে শুক্লা লিখেছিলেন— “ভারতে ফিরতে গিয়ে আমার হৃদয়ে নানা আবেগ ভিড় করছে। গত এক বছর যে অসাধারণ মানুষদের সঙ্গে কাটালাম, তাঁদের ছেড়ে আসতে কষ্ট হচ্ছে। একইসঙ্গে দেশ, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দেখা করার উত্তেজনাও প্রবল। এত ভালোবাসা আর সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। শিগগিরই আপনাদের সবার সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেব।”
