February 3, 2026
টিভি-ও-সিনেমা

প্রতিযোগিতা ও অনিরাপত্তার কারণে অভিনেতাদের মধ্যে ‘বেস্ট ফ্রেন্ড’ হয় না: শুভাঙ্গী আত্রে

টেলিভিশন অভিনেত্রী শুভাঙ্গী আত্রে, যিনি ‘ভাভিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে আঙ্গুরি ভাবি চরিত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, সম্প্রতি ইন্ডাস্ট্রির সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেছেন। তাঁর মতে, অভিনয় জগতে প্রকৃত অর্থে ‘বেস্ট ফ্রেন্ড’ হওয়া সম্ভব নয়, কারণ এই জগত মূলত প্রতিযোগিতা ও অনিরাপত্তায় ভরা। এক টক শোতে অংশ নিয়ে শুভাঙ্গী জানান, কোনও শো চলাকালীন সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও কাজ শেষ হলে সেই সম্পর্কের রূপ বদলে যায়।

তাঁর কথায়, এখানে সবাই নিজের নিজের পথে এগিয়ে যায় এবং নতুন যাত্রা শুরু করে। তিনি বলেন, কাজের সময় সবাই পরিবার হয়ে উঠলেও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ধারণা এখানে খুব একটা নেই।একই সঙ্গে তিনি জানান, অভিনেতা হিসেবে এই অভিজ্ঞতাই তাঁকে নিজেকে এবং পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করতে শেখায়। আলোচনা চলাকালীন তাঁকে প্রশ্ন করা হয়, কখনও সহ-অভিনেতার সঙ্গে মনোমালিন্য হওয়ার পরই গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে হয়েছে কি না। উত্তরে হাসতে হাসতে শুভাঙ্গী বলেন, এমন পরিস্থিতি তাঁর জীবনে এসেছে। মতবিরোধ বা ঝগড়া সত্ত্বেও পরের দৃশ্যে অভিনয় করতে হয়েছে, যদিও তখন মন সায় দিত না। তবে তিনি কাজকে প্রাধান্য দেন বলেই পেশাদারিত্ব বজায় রেখে চরিত্রে ডুবে গিয়ে দৃশ্য সম্পন্ন করেন।

তাঁর মতে, একজন অভিনেতার জন্য পেশাদার হওয়া অত্যন্ত জরুরি এবং ব্যক্তিগত অনুভূতিকে পাশে সরিয়ে রেখে সততার সঙ্গে অভিনয় করাই সবচেয়ে বড় দায়িত্ব। প্রায় দুই দশকের অভিনয় জীবনে শুভাঙ্গী আত্রে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। ‘ভাভিজি ঘর পর হ্যায়’-এ টানা এক দশক আঙ্গুরি ভাবি চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

Related posts

Leave a Comment