February 13, 2026
বাংলাদেশ

প্রহসনের ভোট বলে বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার, ভোটের হার ও হিংসা ঘিরে তোলপাড় বাংলাদেশ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে তীব্র বিতর্কের আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবারের নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বলে কড়া আক্রমণ শানালেন। সমাজমাধ্যমে দীর্ঘ বার্তায় তিনি দাবি করেন, দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, যার প্রমাণ কম ভোটার উপস্থিতি। এই অবস্থানের জন্য দেশবাসীকে ধন্যবাদও জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২,৭৮৯টি ভোটকেন্দ্রে ভোটদানের হার ছিল ৩২.৮৮ শতাংশ। তবে হাসিনা কমিশনের আর একটি পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তোলেন—সকাল ১১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছিল ১৪.৯৬ শতাংশ, তাহলে এক ঘণ্টার ব্যবধানে হার এতটা বৃদ্ধি কীভাবে সম্ভব?

হাসিনার অভিযোগ, ‘অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের তথাকথিত নির্বাচন ছিল সুপরিকল্পিত প্রহসন।’ তাঁর দাবি, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা, ব্যালট পত্রে সিল মারা এবং ফলাফলের নথিতে জোর করে স্বাক্ষর করানোর মতো ঘটনা ঘটেছে।

তিনি আরও দাবি করেন, ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তের বহু ভোটকেন্দ্র কার্যত ‘ভোটারশূন্য’ ছিল। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভয় দেখিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগও তোলেন তিনি। উল্লেখ্য, এ বার নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি অংশ নেয়নি।

হাসিনার দাবি, ‘ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক’ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করা হোক। একই সঙ্গে আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার এবং ‘রাজবন্দি-সহ শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবী-সহ সকল পেশাজীবীর বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিও জানান তিনি।

হিংসার অভিযোগ
ভোটের দিন বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে। খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির জেরে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম মহিবুজ্জামান কচি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।

গোপালগঞ্জে এক ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণে আনসার বাহিনীর দুই সদস্য-সহ এক শিশু জখম হয়েছে। পুলিশ সূত্রের দাবি, দুষ্কৃতীরা খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়াতেও গোলমালের খবর মিলেছে।

ভোটের হার নিয়ে প্রশ্ন
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ভোটের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, বহু কেন্দ্রে ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম। যদিও নির্বাচন কমিশনের হিসাবে, দুপুর ২টো পর্যন্ত ৩৬,০৩১টি ভোটকেন্দ্রে ভোটদানের হার দাঁড়িয়েছে ৪৭.৯১ শতাংশ। বিরোধীদের দাবি, এই বৃদ্ধির হার ‘অস্বাভাবিক’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের হার, স্বচ্ছতা এবং হিংসার অভিযোগ ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে আরও অস্থির করতে পারে। ফল ঘোষণার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।

Related posts

Leave a Comment