মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ক যুদ্ধের কুনজর কাটিয়ে সোমবার চাঙ্গা হয়ে উঠল ভারতীয় শেয়ার বাজার। রাশিয়ার তেল আমদানিতে ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্তে বিগত কয়েকদিন ধরে দিশেহারা ছিল বাজার। ২৭ আগস্ট থেকে কার্যকর হতে চলা এই শুল্কের জেরে আশঙ্কা তৈরি হয়েছিল ভারতীয় অর্থনীতিকে ঘিরে। তবে সোমবার বাজার খোলার পর সেই অশনি সংকেত উপেক্ষা করে প্রবল উত্থান দেখা যায় দালাল স্ট্রিটে।দিনের শুরুতেই সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি লাফিয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উত্থান আরও জোরদার হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮১,৬৬১.৫৯-এ। পাশাপাশি নিফটিও ৩৬৮ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ২৫,০০২.৩২-এ। শুধু বড় সূচকই নয়, বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ ইনডেক্সেও উল্লেখযোগ্য উত্থান ধরা পড়েছে।অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটোকর্প, মারুতি সুযুকি-সহ একাধিক শেয়ারে বড়সড় উত্থান দেখা গিয়েছে। এদিকে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। টাকার দাম ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৩৯-এ।অর্থনীতিবিদদের মতে, টানা নিম্নমুখী বাজারের পর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরতে শুরু করেছে। ফলে শুল্ক যুদ্ধের কালো মেঘের মাঝেও আশার আলো দেখাচ্ছে দালাল স্ট্রিট।
