জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমো (Gitanjali Angmo) দায়ের করা আবেদনের শুনানি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।মঙ্গলবার বিচারপতি অরবিন্দ কুমার এবং এন.ভি. আঞ্জারিয়া-র বেঞ্চ এই শুনানি স্থগিত রাখেন। আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, যিনি সময়ের স্বল্পতার কারণে শুনানির জন্য আরও একদিন সময় চেয়েছিলেন।
আদালত বলেন, “সময়ের অভাবে বিষয়টি আগামীকাল (১৫ অক্টোবর) শোনা হবে।”এর আগে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, এবং জোধপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছিল, যেখানে বর্তমানে ওয়াংচুককে আটক রাখা হয়েছে।ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটকের কারণ ও ভিত্তি পরিবারকে জানানো হয়নি, যা ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২২ অনুযায়ী অবৈধ।প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে আটক করা হয়েছিল অভিযোগ ছিল যে তিনি লেহতে প্রতিবাদ উস্কে দিয়েছিলেন এবং জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেছিলেন।
তবে তার স্ত্রী আদালতে দাবি করেছেন, এই আটক প্রকৃতপক্ষে একজন শান্তিপূর্ণ পরিবেশবাদীকে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা, যিনি লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবি জানিয়ে আন্দোলন করছিলেন।ওয়াংচুকের পক্ষে আইনজীবীরা জানিয়েছেন, এই আটকাদেশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA)-এর অপব্যবহার এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আদালত আগামী শুনানিতে এই বিষয়ে বিস্তারিত শুনবে।
