February 12, 2026
রাজ্য

শবরিমালা সোনা চুরি মামলা: প্রাক্তন টিডিবি তিরুভাভরণম কমিশনারকে বিধিসম্মত জামিন

তিরুবনন্তপুরম, ১২ ফেব্রুয়ারি: শবরিমালা মন্দিরে সোনা চুরির মামলায় প্রাক্তন তিরুভাভরণম কমিশনার কে এস বাইজুকে বিধিসম্মত (স্ট্যাটুটরি) জামিন দিল কোল্লাম ভিজিল্যান্স আদালত। নির্ধারিত ৯০ দিনের মধ্যে বিশেষ তদন্তকারী দল (SIT) চার্জশিট দাখিল করতে না পারায় এই জামিন মঞ্জুর করা হয়।

বাইজুর বিরুদ্ধে অভিযোগ, শবরিমালার শ্রীকোভিল (গর্ভগৃহ)-এর দরজার ফ্রেম থেকে সোনা উধাও হওয়ার ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে। ওই মামলায় তিনি চতুর্থ অভিযুক্ত। তবে এই মামলায় জামিন পেলেও তিনি আপাতত জেলেই থাকবেন, কারণ দ্বারপালক মূর্তির সোনার ফলক হারানোর পৃথক মামলায় তিনি সপ্তম অভিযুক্ত এবং সেখানে আদালত এখনও তাঁকে জামিন দেয়নি।

এই মামলায় মোট ছয় নম্বর অভিযুক্ত হিসেবে বাইজু স্ট্যাটুটরি জামিন পান। এর আগে অভিযুক্তদের মধ্যে উন্নিকৃষ্ণন পট্টি, মুরারি এস বাবু, এস শ্রীকুমার, সুধীশ কুমার এবং এন বাসু আদালতের কাছ থেকে জামিন পেয়েছেন।

এদিকে তদন্তে গতি আনতে বৃহস্পতিবার এসপি এস শশীধরনের নেতৃত্বে এসআইটি-র একটি দল শবরিমালার সন্নিধানে পৌঁছয়। কেরল হাইকোর্টের অনুমতি অনুযায়ী, সন্নিধানের বিভিন্ন পূজা শেষ হওয়ার পর মন্দির বন্ধ হলে নতুন করে নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment