দিল্লি: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নোভগোরোদ অঞ্চলের সরকারি বাসভবন লক্ষ্য করে ৯১টি দীর্ঘপাল্লার কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে।
ল্যাভরভের অভিযোগ, কিয়েভ এখন ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নীতি’ অনুসরণ করছে এবং এই ঘটনার প্রেক্ষিতে রাশিয়া শান্তি আলোচনায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে।তিনি জানান, রুশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ড্রোনই ধ্বংস করেছে এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
রাশিয়া টুডেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা শান্তি আলোচনা থেকে মস্কো সরে আসবে না, তবে ইউক্রেনের এই পদক্ষেপের পর আলোচনার কৌশল নতুন করে মূল্যায়ন করা হবে।ল্যাভরভের দাবি, কিয়েভ সরকারের আচরণ ক্রমশ অপরাধমূলক হয়ে উঠছে এবং তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
ঘটনার মধ্যেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা জোরদার হয়েছে এবং সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকও হয়েছে।রাশিয়ার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেন, পুতিনের বাসভবনে হামলার গল্প সম্পূর্ণ মিথ্যা এবং কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করতেই এই ধরনের দাবি তোলা হচ্ছে।জেলেনস্কির বক্তব্য, ইউক্রেন কখনও এমন কোনও পদক্ষেপ নেয় না যা শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, বরং রাশিয়াই বারবার কূটনৈতিক উদ্যোগ ব্যাহত করছে।
