দিল্লি, ১৯ ডিসেম্বর ২০২৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বৈশ্বিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আন্তর্জাতিক মঞ্চ থেকে আয়ুষ ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে একাধিক নতুন উদ্যোগের সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি কেবল রোগ নিরাময়ের মাধ্যম নয়, বরং মানুষের সার্বিক সুস্থতা ও জীবনযাপনের ভারসাম্য রক্ষার এক প্রাচীন বিজ্ঞান।
তিনি জানান, আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথির মতো পদ্ধতিগুলি আজ বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এগুলির গুরুত্ব আরও বাড়ছে। সম্মেলনে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, গবেষণা, মান নির্ধারণ এবং প্রশিক্ষণের মাধ্যমে আয়ুষ ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এই উদ্যোগগুলির মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা বিশ্বব্যাপী মানুষের আস্থা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
