29 C
Kolkata
March 13, 2026
কলকাতা

ব্রিগেডে মোদির জনসভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩ হাজার পুলিশ মোতায়েন

কলকাতা — বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তার মধ্যেই শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, ব্রিগেডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জাতীয় সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভোটের আগে বিজেপি কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতেও বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সভাস্থলের আশপাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে, ফলে ওই এলাকায় কোনও ড্রোন উড়তে দেওয়া হবে না। পাশাপাশি আশপাশের বহুতল ভবন থেকে বাইনোকুলারের মাধ্যমে নজরদারিও চালানো হবে।

সূত্রের খবর, পুরো কর্মসূচিতে প্রায় ৩ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি) স্তরের আধিকারিকরা।

শনিবার সকাল থেকেই ব্রিগেড এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। গোটা এলাকা বিভিন্ন সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা।

চার থেকে পাঁচটি সেক্টর মিলিয়ে একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন, তাঁদের সঙ্গে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের আধিকারিকরাও।
এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী মিছিল যে সব রাস্তা দিয়ে আসবে, সেই রাস্তাগুলিতেও কড়া নজরদারি রাখা হবে। সেখানে প্রায় ৫০টি পিকেট বসানো হবে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডের সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপি রাজ্য নেতৃত্ব। সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

Related posts

Leave a Comment