মালদায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শনিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সঙ্গে শাসক দলের একপ্রকার জোট তৈরি হয়েছে, যার ফলে রাজ্যের বহু এলাকায় জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশের কারণে বহু জায়গায় শুধু জনসংখ্যার কাঠামোই নয়, ভাষা ও উপভাষাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে, অনেক এলাকায় কথ্য ভাষাও বদলে যেতে শুরু করেছে।তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ার ফলেই মালদা ও মুর্শিদাবাদসহ রাজ্যের একাধিক এলাকায় দাঙ্গা ও অশান্তির ঘটনা বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতির জন্য অনুপ্রবেশকারী ও শাসক দলের মধ্যে থাকা ‘জোট’ ভাঙতেই হবে।সভা থেকে বিজেপি সরকার গঠনের আশ্বাস দিয়ে মোদি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তিনি স্লোগান তোলেন—“পাল্টানো দরকার চাই বিজেপি সরকার।”প্রধানমন্ত্রী আরও বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণে পূর্ব ভারতের উন্নয়ন অত্যন্ত জরুরি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিরোধীরা এই অঞ্চলকে পিছিয়ে রেখেছে। ওড়িশা, ত্রিপুরা, অসম ও বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, চারদিকেই এখন সুশাসনের জন্য পরিচিত বিজেপি সরকার রয়েছে, এবার বাংলার পালা।
