February 15, 2026
দেশ

অসমকে অবহেলা ও অস্থির করেছে কংগ্রেস, রাজনৈতিক স্বার্থেই ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

গুয়াহাটির খানাপাড়া ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে কংগ্রেস অসমকে দীর্ঘদিন অবহেলা করেছে এবং উত্তর-পূর্বকে অস্থির রাখার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস উত্তর-পূর্বকে বোঝা হিসেবে দেখলেও বিজেপি সরকার এই অঞ্চলকে ‘অষ্টলক্ষ্মী’ অর্থাৎ দেশের সমৃদ্ধির আট স্তম্ভ হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, এই মানসিকতার পরিবর্তন বাজেট বরাদ্দেও স্পষ্ট—কংগ্রেস আমলের তুলনায় বর্তমান কেন্দ্র সরকার উত্তর-পূর্বের জন্য প্রায় পাঁচ গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে। গত ১১ বছরে অসমের উন্নয়নে ৫.৫ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কংগ্রেস কখনও অসমকে পর্যাপ্ত অর্থ দিতে চায়নি, তাই তারা এই রাজ্যে উন্নয়ন আনতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, অসমে বিজেপির ক্রমবর্ধমান সমর্থনে কংগ্রেস নেতাদের “ঘুম উড়ে গেছে”। তাঁর অভিযোগ, কংগ্রেস শাসনে এমন শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল যারা দেশকে বিভক্ত করতে চেয়েছিল এবং উত্তর-পূর্বকে মূলধারা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। ব্রহ্মপুত্র নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতা থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস মাত্র তিনটি সেতু নির্মাণ করতে পেরেছিল, যেখানে ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত বিজেপির ডাবল ইঞ্জিন সরকার পাঁচটি সেতু নির্মাণ করেছে এবং আরও একাধিক সেতুর কাজ চলছে। গুয়াহাটি-নর্থ গুয়াহাটি সংযোগকারী সেতুর উদ্বোধন করে তিনি একে উন্নয়ন ও ঐতিহ্যের প্রতীক বলে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেসের আমলে অসম বন্‌ধ ও হিংসায় জর্জরিত ছিল এবং হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে রাজ্যে শান্তি ফিরেছে এবং বহু জঙ্গি সংগঠন মূল স্রোতে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে অসমকে সংযুক্ত করার কথাও তুলে ধরেন তিনি। আগামী পাঁচ বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত উন্নয়নের জন্য শক্তিশালী ডাবল ইঞ্জিন বিজেপি সরকারই প্রয়োজন।

Related posts

Leave a Comment