শিক্ষক নিয়োগ মামলায় নতুন করে তৎপরতা
সংবাদ কলকাতা: ভোটের আবহে ফের সরগরম রাজ্য রাজনীতি। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সঙ্গে ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই পার্থকে একাধিক বার তলব করেছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এমনকি তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে বাড়িতে এসেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বা ভিডিয়ো কলের মাধ্যমেও কথা বলা সম্ভব। সেই প্রেক্ষিতেই শনিবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যায় ইডির দল।
সকাল প্রায় ১১টার কিছু আগে তিনটি গাড়িতে করে ইডির আধিকারিকরা নাকতলায় পৌঁছন। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। সাধারণ মানুষ বা সংবাদমাধ্যমকেও খুব বেশি কাছে যেতে দেওয়া হয়নি। খবর, সেই সময় পার্থ বাড়িতেই ছিলেন।
অন্য দিকে, একই সঙ্গে ইডির আর একটি দল পৌঁছে যায় নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরে। নিয়োগ মামলায় ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত এই প্রসন্নের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের মতে, এই মামলায় আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে তাঁর কাছ থেকে।
উল্লেখযোগ্য বিষয়, ২০২২ সালে এই নাকতলার বাড়ি থেকেই পার্থকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়, যা এই মামলাকে নতুন মাত্রা দেয়। সেই থেকেই তদন্তে পার্থ, প্রসন্ন সহ একাধিক নাম উঠে আসে।
এই মামলায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় জেলে কাটানোর পর বর্তমানে জামিনে রয়েছেন পার্থ। তবে তাঁর নাম জড়ানোর পর রাজনৈতিক মহলেও দূরত্ব তৈরি হয়। দল থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। যদিও তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক পদে রয়েছেন, কিন্তু এবারের নির্বাচনে ওই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়নি।
এদিকে গত কয়েক দিন ধরে কলকাতায় ইডির তৎপরতা চোখে পড়ার মতো। পুরসভা নিয়োগ দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলাতেও একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের দাবি, ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতেই এই অভিযান জোরদার করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই প্রেক্ষিতেই ফের পার্থকে ঘিরে সক্রিয়তা বাড়ল বলে মনে করা হচ্ছে।
