লখনউ, ১৩ ডিসেম্বর: উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পদে একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন বলে কার্যত নিশ্চিত।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে পঙ্কজ চৌধুরী ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন তাঁর মনোনয়নের পিছনে রয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হওয়ার কথা।
উল্লেখ্য, মহারাজগঞ্জের সাংসদ পঙ্কজ চৌধুরী পরপর সাতবার লোকসভায় নির্বাচিত হয়েছেন। ওবিসি কুর্মি সম্প্রদায়ের নেতা হিসেবে তাঁকে সামনে এনে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সামাজিক সমীকরণ আরও মজবুত করতে চাইছে বিজেপি।
দলের অন্দরে সংগঠন মজবুত করা, বুথস্তরে কর্মীদের সক্রিয় করা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে নতুন সভাপতির প্রধান দায়িত্ব বলে মনে করছেন রাজনৈতিক মহল।
