লখনউ, ১৪ ডিসেম্বর:উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, পঙ্কজ চৌধুরীর মনোনয়নে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সমর্থন ছিল। রাজ্য বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।
মহারাজগঞ্জের সাংসদ পঙ্কজ চৌধুরী পরপর সাতবার লোকসভায় নির্বাচিত হয়েছেন। ওবিসি কুর্মি সম্প্রদায়ের নেতা হিসেবে তাঁকে সামনে এনে সামাজিক সমীকরণ আরও সুদৃঢ় করতে চাইছে বিজেপি—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
নতুন দায়িত্ব গ্রহণের পর পঙ্কজ চৌধুরী বলেন, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
