ভুবনেশ্বরে বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে ওড়িশা বিধানসভা। বিরোধী দল বিজু জনতা দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস ভাষণের কড়া সমালোচনা করে সভাকক্ষ ত্যাগ করে। বিরোধী দলনেতা তথা বিজু জনতা দল সভাপতি নবীন পট্টনায়ক বলেন, ভাষণ কথায় শক্ত হলেও কাজে দুর্বল এবং রাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন সেখানে নেই।
তিনি রাজ্যে গণপিটুনি ও আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন, বর্তমান সরকার পরিচালনায় পরিস্থিতি অত্যন্ত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেস বিধানমণ্ডলীয় দলনেতা রামচন্দ্র কাদম অভিযোগ করেন, সরকারের বক্তব্যের সঙ্গে রাজ্যপালের ভাষণের কোনও সামঞ্জস্য নেই এবং রাজ্যের উন্নয়ন ও স্বার্থরক্ষায় সরকার আন্তরিক নয়।
অন্যদিকে শাসক দল ভারতীয় জনতা পার্টি পাল্টা জানায়, দ্রুত উন্নয়ন মেনে নিতে না পেরেই বিরোধীরা বিভ্রান্তির রাজনীতি করছে। রাজ্যপাল হরি বাবু কামভাম্পতি অধিবেশনের সূচনায় সদস্যদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং ২০৩৬ সালের মধ্যে উন্নত ওড়িশা গঠনের লক্ষ্য তুলে ধরেন।
কৃষি, শিল্প, শিক্ষা, পরিকাঠামো, পর্যটন ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। ২০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্য বাজেট পেশ করবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, অধিবেশন ৮ এপ্রিল পর্যন্ত দুই পর্যায়ে চলবে এবং মোট ২৮টি কার্যদিবস নির্ধারিত রয়েছে।
