নয়ডা— উত্তরপ্রদেশে নতুন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনে আবারও সক্রিয় কেন্দ্র সরকার। আগামী ২৮ মার্চ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পকে ঘিরে বড়সড় প্রচার শুরু করেছে বিজেপি শিবির।
সূত্রের খবর, গৌতম বুদ্ধ নগর এলাকায় নির্মীয়মাণ এই বিমানবন্দরের টার্মিনাল ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। তারপর আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।
কেন্দ্রের দাবি, এই বিমানবন্দর চালু হলে দিল্লি ও সংলগ্ন এলাকার বিমান চলাচলের চাপ অনেকটাই কমবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহণে নতুন দিগন্ত খুলবে বলেও দাবি করা হচ্ছে।
তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, শুধুমাত্র উদ্বোধন করলেই উন্নয়ন হয় না, বাস্তবে মানুষের কাজে কতটা লাগবে সেটাই গুরুত্বপূর্ণ। তাদের দাবি, বাংলায় ইতিমধ্যেই উন্নত পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার নজির গড়েছে রাজ্য সরকার, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে।
এই বিমানবন্দর প্রকল্পটি প্রায় ১১,২০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ে বছরে প্রায় ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে পারবে বলে দাবি। ভবিষ্যতে তা বাড়িয়ে ৭ কোটি পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া এখানে বড় আকারের কার্গো হাব তৈরি করা হচ্ছে, যা পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিমানবন্দরে আধুনিক রানওয়ে, নেভিগেশন ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্রও থাকবে।
প্রকল্পটি পরিবেশবান্ধব হিসেবেও গড়ে তোলার দাবি করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এটি ‘নেট জিরো’ নির্গমন লক্ষ্য রেখে তৈরি হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আবহে এই উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, উন্নয়ন নিয়ে প্রচারের বদলে মানুষের বাস্তব সমস্যার সমাধানে নজর দেওয়া উচিত।
