লোকসভার স্পিকার Om Birla-র বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সোমবার সংসদে বিতর্ক হওয়ার কথা। এই ইস্যুতে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় সরকার ও বিরোধী—উভয় পক্ষই অংশ নেবে। এই বিতর্কে প্রধানমন্ত্রী Narendra Modi-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য উপস্থিত থাকতে পারেন এবং বক্তব্যও রাখতে পারেন।
রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও অনাস্থা প্রস্তাব ঘিরে প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল সরকার ও বিরোধী শিবির। সংসদের ভেতরে এই ইস্যুতে কী অবস্থান নেওয়া হবে, তা নিয়ে পৃথক বৈঠক করে দুই পক্ষই নিজেদের কৌশল চূড়ান্ত করেছে বলে সূত্রের খবর।
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরল ঘটনা বলেই মনে করছেন সংসদীয় মহলের একাংশ। তাই সোমবারের বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। সংসদে আলোচনা চলাকালীন বিরোধীরা স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
