ব্যস্ত সময়েই বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। বুধবার দেউলমোড় এলাকায় এই ঘটনায় আপাতত কলকাতা-বর্ধমান লেনে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ফলে সার্ভিস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
জানা গিয়েছে, বুধবার সকালে জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলাচল করছিল। সেই সময় আচমকাই ধসে পড়ে গার্ডওয়াল। বিষয়টি প্রথম নজরে আসে হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পার। দ্রুত তাঁরা যানবাহনের গতিপথ পরিবর্তনের ব্যবস্থা করেন। তাঁদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। আপাতত ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। মেরামতি না হওয়া পর্যন্ত ফ্লাইওভারের কলকাতা-বর্ধমান লেনে যান চলাচল বন্ধই থাকবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস আগে জাতীয় সড়ক সম্প্রসারণের সময় এই গার্ডওয়ালটি তৈরি করা হয়েছিল। এত কম সময়ের মধ্যে সেটি ভেঙে পড়ায় নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি টাকার অপচয় হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, পরিস্থিতি অন্যরকম হলে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যদিও এই ঘটনায় প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
