পরিবারের অভিযোগ, টাকা-পয়সার বচসার জেরে পিটিয়ে খুন|
ভিনরাজ্যে আবারও মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। অন্ধ্রপ্রদেশে নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের ধারে উদ্ধার হল ইমামনগরের শ্রমিক কাদির শেখের দেহ। সর্বাঙ্গে আঘাতের চিহ্ন। পরিবার অভিযোগ তুলেছে, ঠিকাদারের সঙ্গে টাকার লেনদেনকে কেন্দ্র করেই খুন করা হয়েছে তাঁকে।
৩২ বছরের কাদির পেশায় রাজমিস্ত্রি। গত ২০-২২ দিন আগে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন কাজে। তবে ভিনরাজ্যে কাজের অভিজ্ঞতা তাঁর দীর্ঘদিনের— প্রায় আট-নয় বছর ধরে এই পেশাতেই ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান ঠিকাদারের অধীনে প্রায় তিন বছর ধরে কাজ করছিলেন কাদির। অভিযোগ, সেই ঠিকাদারের কাছেই লক্ষাধিক টাকা পাওনা ছিল তাঁর।
গত শুক্রবার হঠাৎই নিখোঁজ হয়ে যান কাদির। পরিবার প্রথমে খোঁজাখুঁজি করলেও কোনও খবর মেলেনি। পরের দিন রাতেই খবর আসে— রেললাইনের ধারে মিলেছে কাদিরের দেহ। শরীরে একাধিক চোটের চিহ্ন।
পরিবারের দাবি, পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে ঠিকাদারই লোক লাগিয়ে কাদিরকে পিটিয়ে খুন করেছে। এক প্রতিবেশী, যিনি কিছুদিন আগেই একই জায়গায় কাজ করেছিলেন, বলেন, “ওর সঙ্গে আমারও কাজ হয়েছিল। টাকা না মেলায় কাজ বন্ধ করেছিল কাদির। সম্প্রতি আবার কাজে যোগ দেয়। কিন্তু ঠিকাদার প্রতিশোধ নিতেই খুন করেছে।”
মৃতের ভাইপোও ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাদের কাকাকে পিটিয়ে খুন করা হয়েছে। দোষীদের শাস্তি চাই।” ইতিমধ্যেই কাদিরের দেহ ফেরত আনার তৎপরতা শুরু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
