27 C
Kolkata
March 22, 2026
বিদেশ

মায়ানমারে ভোটের দিন ঘোষণা, ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন

মায়ানমারে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করল সামরিক জুন্টা সরকার। সোমবার শাসক জেনারেল মিন আং হ্লাইং জানান, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মাত্র তিন সপ্তাহ আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিশ্লেষকদের মতে, সশস্ত্র বিদ্রোহী জোটের অগ্রগতি ও গণতন্ত্রপন্থীদের চাপের মুখেই এই ঘোষণা করতে বাধ্য হল জুন্টা।২০২০ সালের নভেম্বরে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল মায়ানমারে।

উচ্চকক্ষ ‘হাউস অফ ন্যাশানালিটিস’ এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আউং সান সু চি-র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান ঘটিয়ে এনএলডি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। সেই থেকেই শুরু হয় চিন-ঘনিষ্ঠ জুন্টার শাসন, যা গত সাড়ে চার বছরে বিরোধী দল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর দমননীতি চালিয়েছে।তবে গত বছরের নভেম্বরে তিন বিদ্রোহী গোষ্ঠী মিলে গঠন করে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ এবং চালায় ‘অপারেশন ১০২৭’। এই অভিযানে জুন্টা সরকারের নিয়ন্ত্রণাধীন বহু অঞ্চল হাতছাড়া হয়ে যায়। বিদ্রোহীদের একাংশের পিছনে চিনের গোপন সমর্থন থাকার অভিযোগও উঠেছে।

ক্রমশ কোণঠাসা হয়ে পড়া হ্লাইং এবার ভোটের দিন ঘোষণা করলেও পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হবে কি না, তা নিয়ে বড়সড় অনিশ্চয়তা রয়েছে। এদিকে সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৫৫টি রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment