April 11, 2026
রাজ্য

প্রার্থী না হওয়ায় দলত্যাগ, পুরুলিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে মিনু বাউরি

পুরুলিয়া — ভোটের আগে জঙ্গলমহলে ফের বড়সড় দলবদল। তৃণমূল থেকে প্রার্থী হতে না পেরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু বাউরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই তিনি পদ্মফুলের পতাকা হাতে নেন।

বাঁকুড়া ও পুরুলিয়ার প্রচারসভা ঘিরে এ দিন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ছিল। পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলডিহি মাঠে আয়োজিত সভামঞ্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন মিনু বাউরি। তাঁর এই পদক্ষেপ ঘিরে জেলার পাড়া বিধানসভা কেন্দ্রে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

জানা গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণার আগে পর্যন্ত মিনু তৃণমূলেই ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই এলাকায় দলের সমন্বয়কারীর দায়িত্ব সামলেছিলেন। ফলে পাড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৌড়ে তিনিই অন্যতম দাবিদার ছিলেন বলে স্থানীয় স্তরে মত ছিল।

কিন্তু শেষ পর্যন্ত দল মানিক বাউরিকে প্রার্থী ঘোষণা করায় প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন মিনু। এরপর থেকেই তাঁকে দলের প্রচারে তেমন সক্রিয় দেখা যাচ্ছিল না বলে খবর। সেই জল্পনারই অবসান ঘটিয়ে শেষপর্যন্ত দলবদল করলেন তিনি।

উল্লেখযোগ্য ভাবে, মিনু বাউরি এর আগে সিপিএমেও ছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন এবং জেলা স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। এবার ফের রাজনৈতিক অবস্থান বদলে বিজেপিতে যোগ দেওয়ায় জঙ্গলমহলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

এই দলবদল পাড়া বিধানসভা কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related posts

Leave a Comment