হায়দরাবাদ: ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর দ্বিতীয় পর্বে হায়দরাবাদে এসে এক স্মরণীয় রাত উপহার দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির সমর্থকদের সামনে মেসির উপস্থিতি ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে আগের দিন ঘটে যাওয়া বিশৃঙ্খলার পর হায়দরাবাদের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিপরীত—সুশৃঙ্খল, আনন্দঘন এবং স্মরণীয়।
৭-এ-৭ প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেন মেসি, যেখানে খেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও। গ্যালারি জুড়ে ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম। দর্শকদের উচ্ছ্বাসের মাঝে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেন মেসি।
সনি লিভে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেসি বলেন, “এই দেশে আজ যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে হায়দরাবাদে থাকতে পেরে আমি খুবই খুশি।”
সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এক দর্শক জানান, কলকাতার ঘটনার পর সবাই চিন্তায় ছিলেন, কিন্তু হায়দরাবাদে অনুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে। অন্য এক সমর্থক, যিনি মহারাষ্ট্র থেকে এসেছিলেন, বলেন, “মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন আজ পূরণ হল।”
প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া সিঙ্গারেণী আরআর৯ দলের সদস্য দিনেশ এবং মহম্মদ রহমান রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের কথায়, মেসির সামনে খেলতে পারা জীবনের সেরা অভিজ্ঞতা।
লেজার লাইট শোতে ‘গোট’, ‘মেসি’ এবং তাঁর জার্সি নম্বর ১০ ভেসে ওঠে আকাশে। আলোয় আঁকা হয় মেসির মুখচ্ছবিও। কংগ্রেসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেসি ও মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দর্শকদের দিকে বল ছুড়ে দিচ্ছেন।
মেসি রাহুল গান্ধীকে তাঁর আইকনিক ১০ নম্বর আর্জেন্টিনা জার্সি উপহার দেন এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্মারক গ্রহণ করেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত শিশুদের সঙ্গেও কিছু সময় ফুটবল খেলেন তিনি, যা ছোটদের কাছে হয়ে ওঠে আজীবনের স্মৃতি।
কলকাতা ও হায়দরাবাদের পর রবিবার মুম্বইয়ে যাবেন মেসি। সেখানে মহারাষ্ট্র ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন নির্বাচিত খেলোয়াড়রা। সোমবার দিল্লিতে সফরের মাধ্যমে ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর শেষ পর্ব সম্পন্ন করবেন এই ফুটবল মহাতারকা।
previous post
next post
