উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ইংরেজি শিক্ষিকা ও গাড়িচালক। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকায় মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে ট্রাক ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের, জখম হন আরও তিন জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে দ্রুতগতির একটি ট্রাক চারচাকার গাড়িটিকে ধাক্কা মারলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৩ বছরের রূপা প্রামাণিক এবং গাড়িচালক শেখ আবু নাসেরের। পুলিশ ও স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে দেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রূপা প্রামাণিকের বাড়ি মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকায়।
তিনি কেশপুর গার্লস হাই স্কুলে ইংরেজির শিক্ষিকা ছিলেন এবং মুন্ডুলিকা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার পরীক্ষা শেষে সহকর্মীদের নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গাড়িতে তাঁর সহকর্মী, কেশপুর গার্লস হাই স্কুলের গণিত শিক্ষিকা কঙ্কনা সাঁতরাও ছিলেন।
৪৯ বছরের ওই শিক্ষিকা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার অভিঘাতে রাস্তা দিয়ে যাওয়া দুই বাইক আরোহীও আহত হন, তাঁদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
