‘কিং’ ছবির পর ফের একবার অতীতের সফল জুটিতে ফিরতে পারেন শাহরুখ খান। প্রায় ১২ বছর পর পরিচালক ফারাহ খানের সঙ্গে আবার কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, শাহরুখ খানের পরবর্তী বড় পর্দার ছবির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘ম্যায় হুঁ না ২’।
একটি রিপোর্ট অনুযায়ী, শাহরুখ ও ফারাহ খানের মধ্যে ইতিমধ্যেই একাধিক আলোচনা হয়েছে এবং দু’জনই এই সিক্যুয়েল নিয়ে বেশ আগ্রহী। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’ ছিল সেই সময়ের অন্যতম জনপ্রিয় মাসালা ছবি, যা আজও দর্শকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। প্রায় ২০ বছর পর আসতে চলা ‘ম্যায় হুঁ না ২’-এ প্রথম ছবির আবেগ ও নস্টালজিয়া বজায় রেখেই আরও বড় ক্যানভাসে গল্প বলার পরিকল্পনা করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই ছবিতে শাহরুখ খানকে ডাবল রোলে দেখা যেতে পারে।
শোনা যাচ্ছে, এই নতুন আইডিয়াতেই নাকি শাহরুখ সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। ছবির গল্পে থাকবে দেশপ্রেমের ছোঁয়া, নতুন ধরনের জাতীয় হুমকি, সঙ্গে থাকবে অ্যাকশন ও কমেডির সঠিক মেলবন্ধন—ঠিক প্রথম ছবির মতোই। জানা গিয়েছে, গল্পের মূল ভাবনাটি এসেছে স্বয়ং শাহরুখ খানের কাছ থেকেই, যা এখন পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দিচ্ছেন লেখক আকাশ কৌশিক। নির্মাতারা চাইছেন প্রথম ছবির ডিএনএ অক্ষুণ্ণ রাখতে। সেই কারণেই নতুন মুখের পাশাপাশি আগের ছবির কিছু অভিনেতাকে ফেরানোর কথাও ভাবা হচ্ছে, যা দর্শকদের জন্য বাড়তি নস্টালজিয়ার রসদ জোগাবে।
তবে শাহরুখ খানের ব্যস্ত শিডিউলের কারণে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ‘কিং’ ছবির শুটিং শেষ হওয়ার পর, সম্ভবত ২০২৬ সালের মে মাস নাগাদ, সম্পূর্ণ চিত্রনাট্য শুনে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ পরিচালনা করেছিলেন ফারাহ খান এবং প্রযোজনায় ছিলেন গৌরী খান ও রতন জৈন। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুষ্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও ও জায়েদ খান।
