27 C
Kolkata
March 11, 2026
রাজ্য

কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভা আজ পুরুলিয়ায়, নির্বাচনে কাকে সমর্থন করবে সমাজ?

জঙ্গলমহলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড়। বুধবার পুরুলিয়া শহরে হতে চলেছে কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভা। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে—আসন্ন বিধানসভা নির্বাচনে কুড়মি সমাজ কাকে সমর্থন করবে?

এর আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো ইঙ্গিত দিয়েছিলেন, তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, সংগঠনের রাজ্য কমিটির বৈঠকের পরেই নির্বাচন নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট হবে।

উল্লেখ্য, আদিবাসী কুড়মি সমাজ আগেই জানিয়েছিল—তাদের অবস্থান ‘নো ভোট টু টিএমসি’। তবে বিজেপিকে সমর্থন করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং কুড়মি সমাজকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবি দীর্ঘদিনের।

অজিতপ্রসাদ মাহাতোর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় জানানো হয়েছে যে দাবিগুলির প্রসেস চলছে। তবে নির্বাচনী বিধি শিথিল হওয়ার আগে কেন্দ্র যদি কোনও পদক্ষেপ নেয়, তখনই তারা পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবে।

এদিকে বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের এই জনসভা ঘিরে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ছোটনাগপুর কুড়মি সমাজের প্রধান উপদেষ্টা সুজিত মাহাতো জানিয়েছেন, “আমাদের প্রস্তুতি চূড়ান্ত। এর বেশি কিছু বলব না।”

এই যৌথ মঞ্চে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজের পাশাপাশি পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ ও বাইসি কুটুম সংগঠনও রয়েছে। মূলত কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতেই এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলের ভোটে কুড়মি সমাজের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এই জনসভা থেকে যদি কোনও রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়, তবে তা আসন্ন বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

Related posts

Leave a Comment