27 C
Kolkata
March 11, 2026
রাজ্য

খোদ পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি, সার্ভে পার্ক এলাকায় তদন্তে নেমেছে পুলিশ

কলকাতা — খোদ পুলিশের গাড়ি থেকেই ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতায়। অভিযোগ, রাতে বাইপাসের কাছে মোতায়েন থাকা একটি পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়ে যায়। এই ঘটনার পর সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটিতে থাকা এক পুলিশকর্মী এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট পুলিশের গাড়িটি সাধারণত তিনজন চালক পালা করে চালান। তাঁদের মধ্যে এক চালক গাড়িটি সার্ভে পার্ক এলাকার ইস্ট রাজাপুর রোডে পার্ক করে রেখে যান। রাতের বেলায় গাড়িটি সেখানে পার্ক করা ছিল।

পরের দিন ওই পুলিশকর্মী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে দেখেন, গাড়ির ভিতর থেকে ব্যাটারি উধাও হয়ে গিয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কীভাবে ব্যাটারি চুরি হল সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

এরপরই বিষয়টি ইস্ট ডিভিশনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের জানানো হয়। তাঁদের নির্দেশে পুলিশকর্মীরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালান এবং চুরি হওয়া ব্যাটারির খোঁজ করার চেষ্টা করেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি।

পুলিশের অনুমান, রাতে গাড়িতে কোনও চালক বা পুলিশকর্মী উপস্থিত না থাকার সুযোগেই দুষ্কৃতীরা গাড়িতে হানা দেয়। তারপর সেখান থেকে ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে সার্ভে পার্ক থানার পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সেই ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা ঘিরে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, পুলিশের নজরদারির মধ্যেই কীভাবে পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়ে গেল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Related posts

Leave a Comment