সংবাদ কলকাতা: বিসিসিআইয়ের নির্দেশের পর আইপিএল ২০২৬ মরসুমের আগে নিজেদের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শনিবার বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআরকে মুস্তাফিজুরকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজিকে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোর্ডের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করছে।
উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতা নিয়ে চলা বিতর্কের মধ্যেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষিতেই কেকেআরের সহ-মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনাও শুরু হয়। মুস্তাফিজুরকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কেকেআর, যা তাঁকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার করে তোলে।
