February 12, 2026
দেশ

মহিলা ও ট্রান্সজেন্ডারদের যৌন হয়রানি রোধে জে&কে হাইকোর্টে জেন্ডার সেনসিটাইজেশন কমিটি গঠন

মহিলা ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের জারি করা নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সুপ্রিম কোর্টের ‘গীতা রানি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (রিট পিটিশন সিভিল নং ১২৪৫/২০২৫) মামলায় দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, পূর্বে গঠিত যৌন হয়রানি তদন্ত কমিটি (High Court order, ২৯ নভেম্বর ২০২৫) এখন থেকে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ক্ষেত্রেও যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ প্রতিরোধ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবে।

জম্মু উইং কমিটি:

চেয়ারপার্সন হিসেবে থাকবেন বিচারপতি সিন্ধু শর্মা। সহ-সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সেমা খাজুরিয়া শেখর, সিনিয়র অ্যাডভোকেট দীপিকা মহাজন, সমাজকল্যাণ দপ্তরের আইন আধিকারিক রিমপাশ সাঙ্গোত্রা এবং হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির অ্যাডভোকেট সেক্রেটারি প্রেম সদোত্রা (এক্স-অফিসিও সদস্য-সচিব ও প্রেজেন্টিং অফিসার)।

শ্রীনগর উইং কমিটি:

চেয়ারপার্সন বিচারপতি মোক্ষ খাজুরিয়া কাজমি। সহ-সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট নাজির আহমদ বেইগ, সিনিয়র অ্যাডভোকেট মাসুদা জান, নাসিমা হাসান বাগাল, ডেপুটি রেজিস্ট্রার সাইমা মকবুল এবং অ্যাডভোকেট সেক্রেটারি নাভিদ মির (এক্স-অফিসিও সেক্রেটারি ও প্রেজেন্টিং অফিসার)।

এই জেন্ডার সেনসিটাইজেশন অ্যান্ড ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (GSICC) ২০১৬ সালের বিধি অনুযায়ী ‘প্রিভেনশন, প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল’ নীতিতে কাজ করবে। এর আওতা হাইকোর্ট ও অধস্তন আদালত—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
জম্মু ও কাশ্মীর জুডিশিয়াল অ্যাকাডেমি নিয়মিতভাবে বিচারক, আইনজীবী ও কর্মীদের জন্য কর্মশালা আয়োজন করে থাকে, যেখানে কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন (POSH Act), শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (POCSO Act) এবং লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কমিটির লক্ষ্য হল কর্মস্থলে লিঙ্গবৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং বিচারিক আদেশে পক্ষপাতদুষ্ট ভাষা পরিহারের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা।

Related posts

Leave a Comment