28 C
Kolkata
March 14, 2026
রাজ্য

গ্যাসের সঙ্কটে জয়পুর জঙ্গলের রিসর্টে নতুন উদ্যোগ, শুকনো শালপাতা জ্বালিয়েই রান্না

বাঁকুড়া — রান্নার গ্যাসের যোগান কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন লজ, হোটেল ও রিসর্ট মালিকেরা। সেই সঙ্কট কাটাতে অভিনব পথ বেছে নিয়েছে বাঁকুড়ার জয়পুর জঙ্গল লাগোয়া একাধিক বেসরকারি রিসর্ট। গ্যাসের বিকল্প হিসেবে এবার ভরসা শুকনো শালপাতা। জঙ্গলে ঝরে পড়া শালপাতা সংগ্রহ করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করে চলছে রান্না।
পর্যটননগরী বিষ্ণুপুর এবং জয়পুর জঙ্গল এলাকায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ফলে রিসর্টগুলিতে প্রতিদিনই বিপুল পরিমাণ খাবার রান্না করতে হয়। কিন্তু সাম্প্রতিক গ্যাস সঙ্কটে রিসর্ট মালিকেরা বিপাকে পড়েন। সেই পরিস্থিতিতে জঙ্গলে ঝরে পড়া শালপাতা সংগ্রহ করে তা জ্বালিয়ে রান্না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রিসর্ট কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই প্রায় তেরো লক্ষ টাকার শুকনো শালপাতা সংগ্রহ করে মজুত করা হয়েছে। কয়েক বিঘা জায়গাজুড়ে বস্তা বস্তা করে সেই পাতা রাখা হয়েছে। তাঁদের মতে, এই মজুত পাতা প্রায় এক বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

জয়পুরের এক রিসর্ট মালিক মহাদেব মণ্ডল জানান, আগে প্রতিদিন প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্যাস সিলিন্ডার প্রয়োজন হত। কিন্তু বর্তমানে শুকনো শালপাতা জ্বালিয়ে ভাত, ডাল, তরকারি, সবজি-সহ বিভিন্ন বাঙালি পদ রান্না করা হচ্ছে। কেবলমাত্র চাইনিজ ধরনের খাবার তৈরির জন্য দু’টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষেরও আয়ের নতুন পথ খুলে গিয়েছে। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দা এবং বিশেষ করে আদিবাসী মহিলারা জঙ্গল থেকে ঝরে পড়া শালপাতা কুড়িয়ে এনে রিসর্টগুলিতে বিক্রি করছেন। প্রতি কেজি পাঁচ টাকা দরে সেই পাতা কিনছে রিসর্ট কর্তৃপক্ষ।

পাতা বিক্রি করতে আসা একাধিক মহিলা জানান, প্রতিদিন প্রায় তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত রোজগার হচ্ছে। এতে সংসার চালাতে কিছুটা স্বস্তি মিলছে। গ্যাস সঙ্কটের মধ্যেই তাই জয়পুরে শুকনো শালপাতা এখন রিসর্টের রান্নাঘরের নতুন ভরসা হয়ে উঠেছে। একই সঙ্গে স্থানীয় বহু মানুষের জীবিকারও সহায়ক হয়ে দাঁড়িয়েছে এই উদ্যোগ।

Related posts

Leave a Comment