চণ্ডীগড়, ২১ ফেব্রুয়ারি : সুখনা লেকে অনুষ্ঠিত ১৩তম ইন্ডিয়ান ওপেন রেস ওয়াক প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ ও মহিলাদের ৪২ কিমি ফুল ম্যারাথন ওয়াকে সোনা জিতলেন উত্তরপ্রদেশের রাম বাবু ও পঞ্জাবের মঞ্জু।
২৬ বছরের রাম বাবু ৩:০৯:১৭.০০ সময় নিয়ে পুরুষদের ফুল ম্যারাথন ওয়াকে শিরোপা জেতেন। চলতি মরশুমে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া নতুন করে এই ৪২ কিমি বিভাগ চালু করেছে। মরশুমের প্রথম প্রতিযোগিতাতেই তিনি নিজের সেরাটা উজাড় করে দেন এবং ফেভারিট প্রতিদ্বন্দ্বী হরিয়ানার সন্দীপ কুমারকে পিছনে ফেলেন। অলিম্পিয়ান ও কমনওয়েলথ গেমস পদকজয়ী সন্দীপ ৩:১১:১৮.০০ সময় নিয়ে রুপো পান। রাম বাবু জানান, মরশুম ইতিবাচকভাবে শুরু করতে পেরে তিনি খুশি এবং আগামী এশিয়ান গেমসে পদক জেতাই তাঁর লক্ষ্য।
মহিলাদের ৪২ কিমি বিভাগে মঞ্জু ৩:৩৩:২৪.০০ সময় নিয়ে সোনা জেতেন। তিনি ৩২ কিমি পর্যন্ত উত্তরপ্রদেশের অলিম্পিয়ান প্রিয়াঙ্কা গোস্বামীর সঙ্গে লড়াইয়ে ছিলেন। এরপর গতি বাড়িয়ে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায় চার মিনিট ব্যবধানে জয় নিশ্চিত করেন। প্রিয়াঙ্কা ৩:৩৭:২৫.০০ সময় নিয়ে দ্বিতীয় হন। মঞ্জুও জানান, সেপ্টেম্বরে এশিয়ান গেমসই তাঁর প্রধান লক্ষ্য।
পুরুষদের ১০ কিমি রেস ওয়াকে উত্তরপ্রদেশের নীতিন গুপ্ত ৪১:৪৪.০০ সময় নিয়ে সোনা জেতেন। মহিলাদের ১০ কিমি বিভাগে উত্তরপ্রদেশের রেশমা প্যাটেল ৪৬:১৯.০০ সময় নিয়ে প্রথম হন।
উল্লেখ্য, রাম বাবু ও মঞ্জু ২০২২ এশিয়ান গেমসে ৩৫ কিমি মিক্সড রেস ওয়াক টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
