নয়াদিল্লি—ইরানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য বড় সতর্কতা জারি করল ভারত সরকার। মঙ্গলবার জারি করা এই পরামর্শে বলা হয়েছে, ইরানে থাকা সব ভারতীয় নাগরিককে বাণিজ্যিক বিমানসহ উপলব্ধ যে কোনও পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দ্রুত দেশ ছাড়তে হবে।
ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক ও পিআইও-দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিক্ষোভ বা প্রতিবাদ চলা এলাকাগুলি এড়িয়ে চলার পাশাপাশি দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, সব ভারতীয় নাগরিককে তাঁদের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথি সর্বদা হাতের কাছে রাখতে হবে।
এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানে থাকা ভারতীয় নাগরিকদের যে কোনও ধরনের সহায়তার জন্য সরাসরি তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
