26 C
Kolkata
March 31, 2026
দেশ

‘যথাযথ পদক্ষেপ নেওয়া হবে’: ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া ভারতের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বলে দাবি করা একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের মধ্যে কেন্দ্র জানাল, ভিডিওটি সত্যতা যাচাইয়ের পর “যথাযথ পদক্ষেপ” নেওয়া হবে।সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিনি ব্যক্তিগতভাবে ভিডিওটি দেখেননি। তবে ভিডিওটি সত্য হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।“আমি ভিডিওটি দেখিনি।

কিন্তু যদি এমন কোনও ভিডিও থেকে থাকে, সেটি সত্য না মিথ্যা—তা যাচাই করে আমরা যথাযথ পদক্ষেপ নেব,” বলেন তিনি।সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প নাকি বলেন, “মোদী একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন।” একইসঙ্গে তিনি যোগ করেন, “আমি চাই না ‘ভালোবাসা’ শব্দটি অন্যভাবে নেওয়া হোক। আমি তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করতে চাই না।”এই মন্তব্য এমন সময়ে সামনে আসে, যখন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিরোধী কংগ্রেসের দাবি, ওই চুক্তি চাপে পড়ে সই করা হয়েছে এবং তা দেশের স্বার্থবিরোধী।

‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ খতিয়ে দেখা হচ্ছে

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ ভারতকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রক। জয়সওয়াল বলেন, প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে ভারত সবসময় সমর্থন করে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানে আটক ভারতীয় নাবিকদের বিষয়ে আপডেট

ইরানে আটক ১৬ জন ভারতীয় নাবিকের মধ্যে ৮ জন মুক্তি পেয়েছেন বলে জানান জয়সওয়াল। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলেছে। বাকি ৮ জনের মুক্তির জন্য তেহরানে ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
রাষ্ট্রসংঘের রিপোর্টে জইশ-ই-মহম্মদের উল্লেখ

২০২৫ সালে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানভিত্তিক জইশ-ই-মহম্মদের ভূমিকার উল্লেখ থাকা রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট নিয়েও প্রতিক্রিয়া দেন মুখপাত্র। তিনি বলেন, সন্ত্রাসবাদ সংক্রান্ত ভারতের উদ্বেগ এবং সীমান্তপারের জঙ্গিবাদ মোকাবিলার প্রয়োজনীয়তা রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে।

Related posts

Leave a Comment