February 25, 2026
খেলা

কটকে প্রথম ADCA টি-২০ এশিয়া কাপ জিতল ভারতীয় বধির দল

কটকের Barabati Stadium-এ অনুষ্ঠিত প্রথম ADCA টি-২০ আই এশিয়া কাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন হল ভারতীয় বধির ক্রিকেট দল। ফাইনালে ভারত ৬ উইকেটে শ্রীলঙ্কা বধির দলকে হারিয়ে ঐতিহাসিক শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্টের শুরু থেকেই ভারতীয় দল দুরন্ত ফর্মে ছিল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর পর নেপালকে ১০ উইকেটে পরাজিত করে। লিগ পর্বে শ্রীলঙ্কা নেপালকে ৬ উইকেটে এবং পরে ১৫৭ রানে হারায়। ভারতও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানের রুদ্ধশ্বাস জয় এবং নেপালের বিরুদ্ধে ৯ উইকেটের বড় জয়ে ফাইনালে জায়গা পাকা করে।

ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ভারতের সাই আকাশ ম্যাচের সেরা নির্বাচিত হন। তিনি ১৪ বলে ২৭ রান করার পাশাপাশি ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। শ্রীলঙ্কার গিমাডু এল মালকম ১৯৬ রান করে সেরা ব্যাটার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাঁর সতীর্থ গিহান লাসিদু ডি’সিলভা ১০ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার পান।

Association of Deaf Cricket in Asia-র সভাপতি সুমিত জৈন বলেন, এশিয়ার শ্রবণপ্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য এই আন্তর্জাতিক মঞ্চ আয়োজন করা গর্বের বিষয়। তিনি ভবিষ্যতে আরও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের আশা প্রকাশ করেন।

Related posts

Leave a Comment